গোবিন্দগঞ্জ কলেজ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি

গোবিন্দগঞ্জ কলেজ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি - Surma Times | Sylhet News

গোবিন্দগঞ্জ কলেজ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি - Surma Times | Sylhet Newsছাতক (সুনামগঞ্জ), ৬ আগস্ট: সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারি রতিলাল বায়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ আগস্ট কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত স্টাফ কাউন্সিলের জরুরি সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নিয়ে প্রকাশিত বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত শিক্ষকরা সর্বসম্মতিক্রমে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। একই সভায় অপপ্রচারের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ সুনামগঞ্জ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি প্রায় ৩০ বছরের শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একটি স্বার্থান্বেষী মহল তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি কলেজের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বর্তমান প্রশাসনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এসব অপপ্রচার কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কলেজের শিক্ষা কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগের মতো সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধও করা হয়।

বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অপপ্রচারের ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের প্রতি সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ তৈমুছ আলী, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কৃপাসিন্ধু দাস, নিখিল রঞ্জন দাস, সনজিৎ নারায়ণ চৌধুরী, আকবর আলী ও শ্রী তপন কুমার দে, প্রভাষক আমিন উদ্দিনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article