শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা

শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা - Surma Times | Sylhet News

শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা - Surma Times | Sylhet Newsব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট: প্রত্যেক মানুষের হাতেই এখন গণমাধ্যম রয়েছে। তাই কেউ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায়, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার আদালতের আদেশে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কীভাবে গণতন্ত্র হয়?”

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “উনি বাংলাদেশের নাগরিক। তার পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান রয়েছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগই ছিল একমাত্র দল। এসব বিবেচনায়, তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের ভবিষ্যৎ এবং তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কী হবে? সবকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে, তিনি ফিরে আসবেন।”

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, “এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি দেখায় যে, রাজনৈতিক দলগুলোর তাদের ছাত্রসংগঠনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আমরা আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছি।”

এদিকে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি অনুষ্ঠান বয়কট করেছে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “বিএনপিকে মানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এই বাস্তবতাটি তাদের মেনে নিতে হবে।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ অন্যরা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article