উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজে ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsউইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অর্ধবার্ষিক এবং ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর বলেছেন, অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছাড়া মানসম্মত প্রতিষ্ঠান গড়া সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিন পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন এই তিন পক্ষের যৌথ উদ্যোগে গড়ে ওঠে, তেমনি একটি ভালো মানের প্রতিষ্ঠান গড়তেও তাদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সচেতন অভিভাবক, পড়াশোনায় মনযোগী শিক্ষার্থী এবং মানসম্পন্ন শিক্ষক থাকলে যেকোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে বাধ্য বলেও তিনি মন্তব্য করেন।

মনসুর আহমদ লস্কর আরও বলেন, ইএসডি ফাউন্ডেশন শুরু থেকেই নারী শিক্ষা নিয়ে কাজ শুরু করেছে এবং আগামীতেও নারী উন্নয়নে ভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করবে। তিনি প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করে আগামীতে অভিভাবকদের প্রত্যাশা পূরণ এবং সন্তনতুল্য মেয়েদের ভবিষ্যৎ বিনির্মাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্কুলের বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রম তুলে ধরে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন, মোবাইল আসক্তি, আত্মকেন্দ্রিক হয়ে পড়াসহ নানা সমস্যার কথা তুলে ধরে তিনি এসব থেকে উত্তরণের পথ নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন বুনে দিতে না পারলে তারা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেনা এমনকি লক্ষ্যে অর্জনে ব্যর্থ হবে।” এ ক্ষেত্রে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি বলে তিনি উল্লেখ করেন।

অধ্যক্ষ আরও বলেন, বিষয়ভিত্তিক আগ্রহ তৈরির ক্ষেত্রে এবং স্বপ্ন পূরণে কার্যকর উদ্যোগ ও কর্মপন্থা নির্ধারণে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের সহযোগিতা পেলে উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজকে সত্যিকারের একটি বিজ্ঞানভিত্তিক ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অভিভাবকদের ধন্যবাদ জানান এবং বিগত ছয় মাস পরিকল্পনামাফিক পাঠদান, সময়মতো পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রস্তুতের জন্য শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ১৩৩ জন শিক্ষার্থীকে শতভাগ উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল ইনচার্জ মরিয়মুন নেছা মল্লিকা ও স্কুল কো-অর্ডিনেটর শিল্পী বিশ্বাস। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন তারেক রহমান খান, রাবেয়া আক্তার তামান্না ও মোঃ আশিকুজ্জামান।

দুই পর্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ এবং দ্বিতীয় পর্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বিভিন্ন শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির তাসনিয়া আক্তার, তায়্যিবা জাহান ও তাবাসসুম সিদ্দিকা সাবা; সপ্তম শ্রেণির আয়েশা আক্তার মাশিয়াত, তাহমিনা ইসলাম ও সূচনা দাস; অষ্টম শ্রেণির নাজিফা জামান, কাজী ফৌজিয়া আহমেদ ও আরিয়া রহমান সিমি; নবম শ্রেণির তাসনিয়া বেগম, ফাহমিদা জান্নাত মিশু ও রাইছা ইসলাম রাহা; এবং দশম শ্রেণির বর্ষা সূত্রধর, মরিয়ম সুলতানা সুর্মিলা ও নাজিফা আক্তার অর্পা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সেরা শিক্ষার্থীদের জন্য Best Student Award এবং শতভাগ উপস্থিতির জন্য বিশেষ পুরস্কার। Best Student Award পেয়েছেন ৭ জন শিক্ষার্থী, যাদের প্রত্যেককে ২০০০ টাকা করে প্রাইজ মানি দেওয়া হয়। এ শিক্ষার্থীরা হলো আয়েশা আক্তার মাশিয়াত, তাছনিয়া বেগম, ফাহমিদা জান্নাত মিশু, রাইসা ইসলাম রাহা, নাদিয়া নাজমিন নুপুর, ফাইজা আক্তার রিয়া ও বর্ষা সূত্রধর। শতভাগ উপস্থিতির জন্য ১৩৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া অভিভাবক সমাবেশে সময়মতো উপস্থিত হওয়ার জন্য লটারির মাধ্যমে ৫ জন অভিভাবককে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শাখার সহকারী শিক্ষক সুমাইয়া আজাদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী নাফিসা জাহান লামিয়া এবং গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী ঝুমা রানী মালাকার। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অভিভাবক ও শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article