হবিগঞ্জ, ৩১ জুলাই: র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন চন্ডী মাজারের সামনে অবস্থানকালে জানতে পারে, ৩ নম্বর দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা হাইওয়ে রোডস্থ রামগঙ্গা চা-বাগান এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত ১১টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় জানান, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। পরে তাদের কাছে থাকা চারটি লাল রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে নীল রংয়ের পলিথিন ও খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দয়াময় বাকতি (৪০), পিতা মৃত পুরেন্দ বাকতি, এবং শংকর বাকতি (৩৬), পিতা মহাদেব বাকতি। তারা দুজনই হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন বেগমখান চা-বাগানের বাসিন্দা।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।





