সিলেট, ২১ জুলাই: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার ২০২৬ উপলক্ষে তিনদিনব্যাপী দ্বিতীয় ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ভর্তি মেলা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শেখঘাট ক্যাম্পাসে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভর্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব সায়েন্সের ডিন এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে ভর্তি মেলার উদ্বোধন করেন।
এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ অহমদ, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, গ্রন্থাগারিক জিলুন্নাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন এবং এডমিশন ফেয়ার কমিটির সদস্যসচিব আমির হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশ-বিদেশে বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কর্মসংস্থানমুখী ও প্রযুক্তিনির্ভর আধুনিক বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।
বক্তারা আরও বলেন, মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে এবারের ভর্তি মেলায় বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ভর্তি মেলার প্রথম দিন সকাল থেকেই শেখঘাট ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিভাগের প্রধানরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিভাগসমূহ ও ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।
বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে স্নাতক পর্যায়ে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংরেজি এবং এলএলবি বিষয়ে ভর্তি চলছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। এ সময় ভর্তিতে ৩০ শতাংশ ছাড় এবং শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপর ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে।
বিজ্ঞপ্তি।






