ঢাকা, ২০ জুলাই: পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে পলিথিনের ব্যবহার কমানো, ড্রেন ও খাল পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ বছরব্যাপী দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
মো. আবদুস সালাম বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি জানান, রাষ্ট্রক্ষমতায় আসার পর আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, গত ১৭ থেকে ২০ বছরে ঢাকাসহ সারা দেশে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এখন ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। ঢাকাকে কংক্রিটের শহরে পরিণত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে বৃষ্টির পানি মাটিতে শোষিত হওয়ার সুযোগ কমে গেছে এবং খাল-বিল ভরাট ও দখলের কারণে পানি ধারণক্ষমতাও নষ্ট হয়েছে। তাই খাল-বিল দখলমুক্ত ও পুনরুদ্ধারের ওপর জোর দেন তিনি।
রাজধানীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হলেও তা সমাধানে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এক থেকে দুই বছরের মধ্যে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমানো সম্ভব হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, রাজধানীর আইল্যান্ড ও সড়ক বিভাজনে লাগানো গাছের পরিচর্যায় আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। নিজেদের প্রতিষ্ঠানের সামনে ড্রেন ও রাস্তা পরিষ্কার রাখা এবং যত্রতত্র আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।
পলিথিনকে পরিবেশের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, পলিথিন ড্রেন বন্ধ করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। তাই এর ব্যবহার কমাতে হবে এবং কোথাও ফেলা থেকে বিরত থাকতে হবে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাড়ি বা আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সংরক্ষণে কাজ করলে ঢাকা শহরকে আরও বাসযোগ্য করা সম্ভব হবে এবং ডেঙ্গুর ঝুঁকিও কমবে।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক এবং জাতীয়তাবাদী তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামানসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






