ঢাকা, শনিবার (৪ জুলাই): জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর মন্তব্য’ ও ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এ অভিযোগ দায়ের করেন। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাজিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য এসআই আশরাফ আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।
অভিযোগপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে থাকা আনিস আলমগীর কারামুক্তির পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জুলাই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়িয়েছেন। এছাড়া সোমা ইসলাম বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।
জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করেছেন। অন্যদিকে মোমিন মেহেদীর বিরুদ্ধে ঢাকা প্রেস ক্লাব এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া মারিয়া কিসপট্টার বিরুদ্ধে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার এবং মডেল তুষ্টির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উল্লেখ করা হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার সংশ্লিষ্ট হওয়ায় তদন্তকারী কর্মকর্তা তা পর্যালোচনা করছেন। প্রয়োজনে এটি সাইবার ইউনিটে পাঠানো হতে পারে বলে তিনি জানান।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।






