সিলেট, ২ নভেম্বর: দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, এর উদাহরণও রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে ঢোকার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখতে হবে।
জামায়াতের আমিরের আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না—এমনটা জনগণ ভাববে না।
রিজভী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কলকারখানা, বিদ্যুৎ, সার ও গ্যাস সরবরাহের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তারপরও সামাজিকভাবে অস্থিরতা তৈরির নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সহনশীলতার নীতি অনুসরণ করেই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। চাঁদাবাজি, মাস্তানি ও জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





