সিলেট, ১ নভেম্বর:
চীনে পঞ্চাশ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য ও আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন। সিলেটের মার্শাল আর্ট মহলে এ খবর আনন্দের জন্ম দিয়েছে।
চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ। চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং হেনান ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশের তাওলু উশু ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের জন্য বিশেষ এ কোর্স চলে ১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। টানা পঞ্চাশ দিন।
প্রশিক্ষণের স্থান ছিল শাওলিন ইপো উশু স্কুল এবং ইয়ানলু কুংফু স্কুল অব শাওলিন। মার্শাল আর্টের তীর্থভূমি হিসেবে পরিচিত এ দুই প্রতিষ্ঠানে কঠোর অনুশীলন ও পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন আনোয়ার হোসেন। সমাপনীতে তিনি চায়না এইডের অধীনে সনদপত্র, হেনান ইউনিভার্সিটির সনদপত্র এবং শাওলিন থেকে স্নাতক সনদপত্র পান।
দেশে ফিরে তিনি বলেন, শাওলিনের আন্তর্জাতিক মানের এ অভিজ্ঞতা সিলেটের তরুণ উশু শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেবেন। সিলেটকে বাংলাদেশের উশুর রাজধানী হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
মো. আনোয়ার হোসেন নিজেই এ তথ্য জানিয়েছেন। তার দেওয়া বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণের বিস্তারিত উল্লেখ রয়েছে। সিলেটের উশু চর্চায় নতুন মাত্রা যোগ করতে পারে এ অভিজ্ঞতা।





