সিলেট, ২ নভেম্বর: সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হালিমা বেগম। বয়স ছিল মাত্র ত্রিশ।
রবিবার রাত আটটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত হালিমা বেগম ওই ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী রাজু মিয়ার স্ত্রী।
গত শুক্রবার সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন তিনি। রবিবার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। একটি অ্যাম্বুলেন্সে নবজাতক ও পরিবারের কয়েকজনকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন তারা।
পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনের একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান হালিমা বেগম। আহত হন অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমানসহ পরিবারের আরও চারজন। আহতরা হলেন হালিমার মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম।
উদ্ধারের পর আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।





