সিলেট, ৩ জুলাই – সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
হেতিমগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লি ময়নুল ইসলাম জুলফুর সভাপতিত্বে এবং সিলেট জেলা জিয়া সংসদের সহ-সভাপতি জুবের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, তার জীবনের একমাত্র লক্ষ্য মানুষের সেবা করা। তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জনগণের যে কোনো ডাকে আমি সাড়া দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং দল-মত নির্বিশেষে সহযোগিতা করবেন। আগামী পাঁচ বছরে সবার সহযোগিতায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী টিপু, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্সপ্রবাসী সুফিয়ান আহমদ এবং অ্যাডভোকেট লুৎফুর রহমান।
এছাড়া বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মোস্তাক আহমদ এবং যুবনেতা সুজন আহমদ খাঁন।
বক্তারা বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতো একজন জনপ্রতিনিধি পেয়ে ধন্য। তিনি দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে, গত মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন মুলতবি ঘোষণার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ফিরে আসেন এমপি এমরান আহমদ চৌধুরী। এলাকায় এসে তিনি টানা বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করছেন।
বুধবার ও বৃহস্পতিবার তিনি বিয়ানীবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শহীদ টিলা সড়ক ও ড্রেন নির্মাণকাজ এবং শেওলা ইউনিয়নের কাকরদি গ্রামের কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধক কাজসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন তিনি।
স্থানীয়দের মতে, জনপ্রতিনিধির সরাসরি তদারকি ও উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ এলাকায় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।






