সুরমা টাইমস ডেস্কঃ দেশজুড়ে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। একযোগে পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
পঞ্চগড়ে নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির ডিসি মো. আবু সাইম। সেখানকার বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির ডিসি মিডিয়া এন এম নাসিরুদ্দিনকে। বিদায়ী এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার হয়েছেন ডিএমপির ডিসি প্রসিকিউশন মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। আগের এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে।
ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এদিকে আগে ফেনীতে বদলি হওয়া কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরেই সংযুক্ত রাখা হয়েছে।
এছাড়া পৃথক আদেশে পিবিআইয়ের এসপি রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে এই রদবদল আনা হয়েছে।






