
সিলেট: নিজেরা সংকটে থেকেও অপরের দুঃখে পাশে দাঁড়িয়েছেন সিলেটের ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিকরা। চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে তারা দেখিয়ে দিয়েছেন, সংকটের মধ্যেও মানবতা কখনো থেমে থাকে না।
শনিবার (৬ জুন) বিকেলে নগরীর তালতলায় সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়। সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৬৬৯) এর আওতাধীন সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন আনাই, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ এবং কোষাধ্যক্ষ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জীবন বাউরী, নেত্রী বাউরী, গোলাপ বাউরী, রুপা বাউরী, সরুপা বাউরীসহ অনেক চা শ্রমিক।
বক্তারা বলেন, চা শ্রমিকরা আমাদের সমাজের অন্যতম পরিশ্রমী অংশ। অথচ তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের মানবিক দায়িত্ব। ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিকরা নানা সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তারপরও নিজেদের সাধ্য অনুযায়ী শ্রমজীবী মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
তারা আরও জানান, ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ ধারাবাহিকতায় চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে এমন সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।
খাদ্য সামগ্রী পেয়ে চা শ্রমিকরা রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সহায়তা তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
এ ধরনের মানবিক উদ্যোগ সিলেটের শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল।






