সিএনজিতে যাত্রীদের টাকা চুরি: সিলেটে গ্রেপ্তার ২

সিএনজিতে যাত্রীদের টাকা চুরি: সিলেটে গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet News

সিএনজিতে যাত্রীদের টাকা চুরি: সিলেটে গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet Newsসিলেট, ৭ আগস্ট: সিএনজি অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও চোরাই ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালালাবাদ থানাধীন বাগারপাড় এলাকার আনিস মিয়ার ছেলে আনছার আলী (২৮) এবং একই এলাকার ছালেক আহমদের ছেলে মোঃ নুরুল হক ওরফে হক (২৮)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, ৭ আগস্ট রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানার এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কোতোয়ালী মডেল থানার এফআইআর নং ১০, তারিখ ৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৩৪ পেনাল কোড, ১৮৬০ মামলার তদন্তপ্রাপ্ত আসামি আনছার আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আনছার আলীর হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট-থ-১২-৮৪৩৬। এ ছাড়া তার কাছ থেকে চোরাই ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার আনছার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ২টা ২০ মিনিটে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় এলাকার ছালেক আহমদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপর আসামি মোঃ নুরুল হক ওরফে হককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস রিলিজে আরও বলা হয়, গত ৩০ জুলাই সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়াঘাটের মধ্যবর্তী সুরমা আবাসিক এলাকার সামনে সিএনজি অটোরিকশায় যাত্রাকালে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে ৩ লাখ টাকা চুরি করা হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে আনছার আলী ও নুরুল হকের সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article