শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে সিলেটে আবেগঘন প্রার্থনা সভা

সুরমা টাইমস ডেস্কঃ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ প্রার্থনা সভা।

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টায় নগরের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আশ্রম ও মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর যুগ্ম আহ্বায়ক ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমিত দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা প্রজিত মোদক, সমন্বয়ক সিতাংশু পাঠক শাবলু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর সভাপতি রজত চক্রবর্তী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সজল ঘোষ।

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদের সিলেট জেলা আহ্বায়ক এখলাছুর রহমান আকলিছ, মহানগর আহ্বায়ক আনোয়ার পাশা নাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজনু মিয়া, অর্জুন ঘোষ, আশরাফ রব্বানী, এডভোকেট ইকবাল, মামুনুর রশিদ, কালিপদ রায়, শাহানশাহ আকবর, আলাউদ্দিন আলাইসহ জেলা-মহানগরের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রার্থনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share This Article