ঢাকা: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের গালিগালাজ করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহিম ভূঁইয়াকে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত কোথায়?
শনিবার দুপুরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় কয়েকজন ছাত্রদল নেতা গাড়ির কাছাকাছি চলে গেলে এসএসএফ সদস্যদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। ভিডিওতে আব্দুর রহিম ভূঁইয়াকে নিরাপত্তা কর্মীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
তবে আব্দুর রহিম ভূঁইয়া অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তিনি কাউকে গালিগালাজ করেননি। বরং এসএসএফ সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তিনি আহত হয়েছেন।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা বা অসদাচরণ বরদাশত করা উচিত নয়। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রশংসাও করছেন অনেকে।
এ ঘটনা বিএনপি ও ছাত্রদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

