সিলেটে বিএনপি নেতাকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

সিলেটে বিএনপি নেতাকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা - Surma Times | Sylhet News

127113

নিজেস্ব প্রতিবেদকঃঃ

সিলেটে রিপল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত রোববার (২৭শে এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার সিলাম রাস্তার মুখে তাকে কুপিয়ে ও পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা।

গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন।

 

এমন সময় ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেভে ফেলে রেখে যান।

 

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।

 

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।

 

আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি।

 

এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, রিফল আহমদ নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article