ধানক্ষেতে ফেলে রাখা ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার

ধানক্ষেতে ফেলে রাখা ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার - Surma Times | Sylhet News

ধানক্ষেতে ফেলে রাখা ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট, ২ নভেম্বর: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ধানক্ষেতে ফেলে রাখা অবস্থায় মাদকের এই চালান পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এসআরবি-৯ সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল গত ১ নভেম্বর ২০২৬ তারিখে কোম্পানীগঞ্জ থানাধীন বর্ণী পয়েন্টে অবস্থান করছিল। বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল এলাকার একটি বসতবাড়ির পাশে ধানক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পাওয়ার পর আভিযানিক দলটি বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশিতে ধানক্ষেতের মধ্যে পড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা ও একটি কালো রঙের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিডি মূলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এসআরবি বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী। জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে তারা কাজ করে থাকে।

সীমান্তঘেঁষা কোম্পানীগঞ্জ হয়ে সিলেটে বিদেশি মদ ঢোকার রুট হিসেবে পরিচিত। ধানক্ষেত, চা-বাগান কিংবা জনবসতির ফাঁকা জায়গা ব্যবহার করে মাদক মজুত করার প্রবণতা আগেও দেখা গেছে। কাউকে আটক করা না গেলেও উদ্ধার হওয়া বিশাল চালান প্রমাণ করে, চক্রটি সক্রিয়। তাই তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article