সিলেট, ২০ সেপ্টেম্বর। এসআরবি-৯-এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে অস্ত্র, চুরি-ডাকাতিসহ ১২টি মামলার আসামি এবং ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ ডাকাত হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বউ বাজারস্থ একটি রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় গোলাপগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ ১৭ ডিসেম্বর ২০১৪, জিআর-২৫৪/১৪-এর মূলে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক একজন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হাবিবুর রহমান (৪৭)। তাঁর পিতা মৃত রইছ আলী। তিনি কোম্পানীগঞ্জ থানার বটের তল এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিভিন্ন থানায় অস্ত্র, চুরি-ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




