সিলেট, ২৭ সেপ্টেম্বর: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এসআরবি-৯।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মতিউর রহমান (২১) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বনপুর এলাকার বাসিন্দা। গত ১২ নভেম্বর ২০২৫ আনুমানিক দুপুর ১২টায় পূর্বপরিকল্পিতভাবে ১নং বিবাদী সুন্দর আলী ও ২নং বিবাদী রায়হান গরু বিক্রির কথা বলে ভিকটিমকে তাঁর বাড়ি থেকে ডেকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন রণিখাই ইউনিয়নের একটি নির্জন খেলার মাঠে নিয়ে যায়।
সেখানে ১নং বিবাদী ভিকটিমের কাছে থাকা ৩৫,০০০ টাকা দাবি করেন। ভিকটিম উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে ৩নং বিবাদী মনফর আলী ও ৪নং বিবাদী নুর ইসলাম তাঁদের হাতে থাকা কিরিচ ও ডেগার বের করে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থলে এসে ভিকটিমকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
পরবর্তীতে ১নং বিবাদী ভিকটিমের কাছে থাকা নগদ ৩৫,০০০ টাকা ও একটি মোবাইল ফোন এবং একই সময়ে ২নং বিবাদী অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে বিবাদীরা ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯টা ৫৫ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাইপাস রোড এলাকার একটি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নম্বর ০৮, তারিখ ১৫ আগস্ট ২০২৬, ধারা ৩২৩/৩৯৫/৫০৬(২)/৩৪/৩২৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতির ঘটনায় ০২নং এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি রায়হান (২০), পিতা সিরাই মিয়া, সাং বনপুর, থানা কোম্পানীগঞ্জ, জেলা সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।






