বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার - Surma Times | Sylhet News

বিদেশে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ জুলাই: বিদেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সিলেটের কোম্পানীগঞ্জে প্রতারক চক্রের মূলহোতা আই এ মারুফ আহমদ (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে সিলেটের কোতোয়ালী থানাধীন আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের তথ্যমতে, ভুক্তভোগী আফতাব উদ্দিন (৩৪) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন মোস্তফানগর এলাকার বাসিন্দা। বিবাদীদের সিলেট শহরের আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারে একটি ট্রাভেলস এজেন্সির অফিস রয়েছে এবং তারা ওই অফিসের মাধ্যমে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে বৈধভাবে লোক পাঠানোর প্রচার চালিয়ে আসছিল। পরে তারা আফতাব উদ্দিনকে তাদের অফিসে নিয়ে গিয়ে জানান, তারা ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসাসহ অন্যান্য বৈধ ভিসার মাধ্যমে লোক পাঠিয়ে থাকেন।

পরে ওই কথায় বিশ্বাস করে আফতাব উদ্দিন তার ছেলে এবং শ্যালকের ছেলেকে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর জন্য তাদের সঙ্গে ১৮ লক্ষ টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী বিভিন্ন তারিখে তিনি বিবাদীদের ১৮ লক্ষ টাকা পরিশোধ করেন। এরপর গত ২০/১১/২০২৫ খ্রি. তারিখে তাকে তার ছেলে এবং শ্যালকের ছেলের ভিসা প্রদান করা হয়। পরে গত ১৬/১২/২০২৫ খ্রি. তারিখে বিবাদী আই এ মারুফ আহমদ এবং কে এম জাকির আহমদ মনি তার ছেলে ও শ্যালকের ছেলেকে সার্বিয়াগামী ফ্লাইটে উঠিয়ে দেওয়ার কথা বলে ঢাকার বিমানবন্দরে নিয়ে যান। সেখানে তাদের একটি স্থানে বসিয়ে রেখে বিবাদীরা অন্যত্র চলে যান।

কয়েক ঘণ্টা পর আই এ মারুফ আহমদ ফোন করে জানান যে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হয়েছে এবং তাদের সিলেটে ফিরে যেতে বলেন। সিলেটে ফিরে গিয়ে আফতাব উদ্দিন বিভিন্ন ট্রাভেলস এজেন্সিতে ভিসাগুলো যাচাই করে জানতে পারেন, অনলাইনে ওই ভিসাগুলোর কোনো তথ্য নেই। পরে তিনি প্রদত্ত ১৮ লক্ষ টাকা ফেরত চাইলে তা না দিয়ে বিবাদীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেয়। এ ঘটনায় আফতাব উদ্দিন কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি আই এ মারুফ আহমদকে গ্রেফতার করে। তিনি সিলেটের জালালাবাদ থানার পাইকরাজ এলাকার মৃত হাবীব আহমদের ছেলে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ বলছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article