মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী - Surma Times | Sylhet News

সিলেট, ২২ আগস্ট: মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী - Surma Times | Sylhet Newsবিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। একই সঙ্গে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি পর্যায়ক্রমে নতুন চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।

নতুন চার পূর্ণ মন্ত্রী হলেন—

  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান
  • বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ
  • রশিদুজ্জামান মিল্লাত
  • বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী

নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—

  • প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির
  • গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করার পর পদটি শূন্য ছিল।

আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জহির উদ্দিন স্বপন। তাঁকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

অন্যদিকে নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী থাকছেন। মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মন্ত্রিসভার আকার বেড়ে ৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। সেদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী কায়সার কামাল ডেপুটি স্পিকারের দায়িত্ব পান এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদও শূন্য হয়।

নতুন নিয়োগ, পদোন্নতি ও দায়িত্ব পুনর্বণ্টনের পর সরকারের মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৫২ জনে দাঁড়িয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article