মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই এমপি, বড় পরিবর্তন আপাতত নয়

‘জীবনবান্ধব’ বাজেট বাস্তবায়নই প্রধান লক্ষ্য: তারেক রহমান - Surma Times | Sylhet News

‘জীবনবান্ধব’ বাজেট বাস্তবায়নই প্রধান লক্ষ্য: তারেক রহমান - Surma Times | Sylhet Newsঢাকা, ১৯ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে নতুন করে আরও দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে। তাঁরা হলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে আরও কয়েকজনের নাম আলোচনায় থাকলেও এই ধাপে এই দুই সংসদ সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২০ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের ভাষ্য, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত হয়েছে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছিল।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গেও মন্ত্রিসভার এই পরিবর্তনের বিষয়টি যুক্ত হয়ে আছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচিত রাষ্ট্রপতিকে নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথ নিতে হয়। সে অনুযায়ী ২১ অথবা ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হতে পারে। এ জন্য বঙ্গভবনেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাঁর কাছেই মন্ত্রিসভার নতুন দুই সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবারই সম্পন্ন হবে, নাকি রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে করা হবে, সেটি এখনো স্পষ্ট নয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার বিষয়টি পার্বত্য এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, স্থানীয় উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। এরপর প্রায় দুই মাস ধরে মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রীর অপেক্ষা চলছিল।

বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

অন্যদিকে, গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল বলে সূত্র জানিয়েছে।

মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য জানিয়েছেন, দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তাঁদের নাম এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ও নির্ধারণ করা হয়েছে। ২০ আগস্ট তাঁদের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর তাঁরা নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।

তবে মন্ত্রিসভায় নতুন দুই সদস্য যুক্ত হওয়ার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কয়েকজনের বক্তব্যে ভিন্নতা রয়েছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।’

অন্যদিকে সংসদ সদস্য সাচিং প্রু জেরীও মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে তাঁর জানা নেই বলে জানিয়েছেন।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা ৫০। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী পদমর্যাদার।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি বঙ্গভবনে চলছে। তবে শপথের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের পর শপথ অনুষ্ঠানের তারিখ জানানো হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাতও জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে।

ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে নতুন দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তবে তাঁদের নিয়োগ, দায়িত্ব এবং শপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পরই স্পষ্ট হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article