সিলেট, ১৫ আগস্ট: সিলেটের ওসমানীনগরে সীমানাপ্রাচীরের ভেতর থেকে দেশীয় তৈরি একটি বন্দুক, একটি পাইপগান ও ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৯। তবে এ ঘটনায় অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে র্যাবের তদন্ত কার্যক্রম চলছে।
র্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে, সিলেট জেলার ওসমানীনগর থানাধীন ওমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিম গ্রামের একটি এলাকায় সীমানাপ্রাচীরের ভেতরে অস্ত্র থাকতে পারে।
সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে সীমানাপ্রাচীরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি বন্দুক, একটি পাইপগান ও ১০টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অস্ত্রগুলো সেখানে কীভাবে এল এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৫১টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, চারটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৫টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
সংস্থাটি জানায়, মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযানও চলমান থাকবে।






