খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল - Surma Times | Sylhet Newsঢাকা, ১৫ আগস্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি।

মৃত্যুর পর এটাই খালেদা জিয়ার প্রথম জন্মদিন। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জন্মদিন ঘিরে বিএনপির পক্ষ থেকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখা হয়নি। তাঁর রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের দেশব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে ঢাকা-১৭ আসনের মহাখালীর কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনৈতিক জীবনের শুরু

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর তাঁর গড়া বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া।

দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হন তিনি। পরে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। সব মিলিয়ে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দুবার সংসদের বিরোধীদলীয় নেতাও ছিলেন। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন নির্বাচিত হন।

দলীয় প্রধান হিসেবে জাতীয় নির্বাচনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নির্বাচনী রাজনীতিতেও তাঁর ব্যক্তিগত সাফল্য ছিল উল্লেখযোগ্য। পাঁচটি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই জয়ী হন তিনি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবার পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবকটিতে জয়লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই জয় পান।

তবে ২০০৮ সালের ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে।

কারাবন্দিত্ব ও চিকিৎসা

ওয়ান-ইলেভেনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দি করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সে সময় কারাগারেই তাঁর জন্মদিন কাটে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় কারাগারে যেতে হয় তাঁকে। করোনাভাইরাস মহামারির শুরুতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তির শর্ত হিসেবে তাঁকে দেশে থেকে চিকিৎসা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাময়িক মুক্তির পরও গুলশানের বাসভবন ফিরোজায় অনেকটা কারাবন্দি জীবন কাটান খালেদা জিয়া। অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার সাময়িক মুক্তির শর্তের কথা উল্লেখ করে তা নাকচ করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন, ৬ আগস্ট খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। দীর্ঘদিন নানা রোগে ভোগার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর বড় ছেলে তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

শিবগঞ্জে দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়াবালা গরিবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে বাদ জুমা এ আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আগে স্থানীয় মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেড এম মতিন, আব্দুল হান্নান, ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুইনমুর রহমান মুন ও পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

২০১৬ সাল থেকে বিএনপি খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পরিবর্তে দলীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করে আসছে। এবারও শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে প্রয়াত নেত্রীকে স্মরণ করছে দলটি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article