প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি চর্চা বাড়াতে হবে: মাহফুজা সিদ্দিকা

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি চর্চা বাড়াতে হবে: মাহফুজা সিদ্দিকা - Surma Times | Sylhet News
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি চর্চা বাড়াতে হবে: মাহফুজা সিদ্দিকা - Surma Times | Sylhet News
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকী

সিলেট, ৯ আগস্ট: জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে বর্তমান পার্লামেন্ট এগিয়ে যাচ্ছে। বর্তমান পার্লামেন্ট ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁদের রক্তের অবদান চিরস্মরণীয়।

রোববার সকালে নগরের মিরাবাজার এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বালিকা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেন, ইসলামের মূল্যবোধ সমাজে জাগ্রত ও সমুন্নত রাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার পরিধি আরও বাড়ানো জরুরি।

শিক্ষা খাতের মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের শিক্ষার অগ্রগতি এবং সার্বিক মানোন্নয়নে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব মূলত শিক্ষকদেরই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সকাল ১০টায় অনুষ্ঠিত বালিকা শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক রুবানা চৌধুরী ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তা।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাংস্কৃতিক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলরুবা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার।

এ ছাড়া বক্তব্য দেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম এবং ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন।

পরে সকাল ১১টায় বালক শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মুহিবুর রহমান শামীম ও ফয়ছল মাহমুদ সাকিব।

বালক শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আবদুল হান্নান।

এ পর্বে বক্তব্য দেন কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক আব্দুর রব এবং সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ।

দুই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article