পৈতৃক সম্পত্তির বিরোধে মতিন মিয়া হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ১

পৈতৃক সম্পত্তির বিরোধে মতিন মিয়া হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ১ - Surma Times | Sylhet News

পৈতৃক সম্পত্তির বিরোধে মতিন মিয়া হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ১ - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার,৯ আগস্ট: মৌলভীবাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মতিন মিয়া (১৬) হত্যা মামলায় মোস্তাফা মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। জমিজমা সংক্রান্ত বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যার ঘটনায় এর আগে পরিবারের সদস্যদের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে।

গ্রেপ্তার মোস্তাফা মিয়া সিলেটের বালাগঞ্জ থানার ইছাপুর এলাকার লাল মিয়ার ছেলে। গত ৬ আগস্ট রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মতিন মিয়া মৌলভীবাজার সদর মডেল থানাধীন শমসেরগঞ্জ দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর সঙ্গে অভিযুক্তদের পৈতৃক সম্পত্তি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা আদালতে চলমান ছিল।

গত ২৮ জুন সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আদালতে চলমান একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য বাড়ি থেকে মৌলভীবাজার আদালতের উদ্দেশে রওনা হন মতিন মিয়া। আদালতে সাক্ষ্য দেওয়ার পর তিনি বাড়িতে ফিরে না আসায় তাঁর স্ত্রী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পান তিনি।

পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ওই দিন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মতিন মিয়ার প্রতিবেশী ও চাচাতো ভাই সালিকের মাধ্যমে তাঁর স্ত্রী জানতে পারেন, সুন্দর মিয়ার পুকুরের দক্ষিণ পাশে সংলগ্ন পাকা সড়কের ওপর মতিন মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মতিন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান তাঁর স্ত্রী। তাঁর হাত-পা বাঁধা এবং গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে ছিল বলে র‍্যাব জানিয়েছে।

মতিন মিয়ার স্ত্রী ধারণা করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তাঁকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে যায়। এ ঘটনায় তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলাটি ৩০ জুন দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এবং র‍্যাব-৯ সদর কোম্পানি, সিলেটের একটি যৌথ অভিযানিক দল দক্ষিণ সুরমার হুমায়ন চত্বর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোস্তাফা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার মোস্তাফা মিয়াকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article