পরিবর্তনের অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম

পরিবর্তনের অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম - Surma Times | Sylhet News

পরিবর্তনের অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম জুবায়ের মিনহাজ - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ আগস্ট: আসন্ন ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। ‘পরিবর্তনের অঙ্গীকার, সেবার প্রতিশ্রুতি’ শিরোনামে প্রকাশিত ইশতেহারে তিনি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

পেশায় আইনজীবী তামিম জুবায়ের মিনহাজ এলএলবি (অনার্স) এবং এলএলএম (মাস্টার্স) ডিগ্রিধারী। ইশতেহারে তিনি উল্লেখ করেন, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিকে ধারণ করে জনগণের প্রতিনিধি হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

ইশতেহারে তিনি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, দুর্নীতি ও দালালমুক্ত সেবা নিশ্চিত করা এবং জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সব ধরনের নাগরিক সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেন।

এছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন, বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্যের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহায়তা এবং কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাস্তা, সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও ভাঙন সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া এবং দীর্ঘদিনের প্রত্যাশিত ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ইশতেহারে রয়েছে।

সামাজিক নিরাপত্তার বিষয়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা, প্রকৃত উপকারভোগীদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি দল, মত ও ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে। একই সঙ্গে চেয়ারম্যানের কার্যালয় জনগণের জন্য সর্বদা উন্মুক্ত রাখা এবং সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।

ইশতেহার প্রকাশ উপলক্ষে তামিম জুবায়ের মিনহাজ বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। বাস্তবায়ন করা সম্ভব নয়, এমন কোনো প্রতিশ্রুতি তিনি দিতে চান না। জনগণের আস্থা, অংশগ্রহণ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও মানবিক ৩ নম্বর সুরমা ইউনিয়ন গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি ৩ নম্বর সুরমা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, মূল্যবান ভোট ও আন্তরিক সমর্থন কামনা করেন। তাঁর নির্বাচনী স্লোগান, ‘নেতা নয়, জনগণের সেবক হতে চাই’ এবং ‘আপনার ভোট, আপনার অধিকার, উন্নয়নের পথে একসাথে এগিয়ে চলি’।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article