পর্তুগালের ভিসা অফিস চালু ও ওসমানীতে সরাসরি ফ্লাইটের দাবি

পর্তুগালের ভিসা অফিস চালু ও ওসমানীতে সরাসরি ফ্লাইটের দাবি - Surma Times | Sylhet News

পর্তুগালের ভিসা অফিস চালু ও ওসমানীতে সরাসরি ফ্লাইটের দাবি - Surma Times | Sylhet Newsসিলেট, ১ আগস্ট: বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি চলাচলের সুযোগ দেওয়ার জোর দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা। শনিবার (১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ, সহ-সভাপতি এ.এইচ.এম নুরুল হুদা (নাহাজ), সাধারণ সম্পাদক সুমন আহমেদ সানী, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাছান ফারুকী এবং কোষাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, পর্তুগালে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন এবং তারা নিয়মিত দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করছেন। তাদের দাবি, পর্তুগালে এখনো প্রচুর বাংলাদেশি শ্রমিকের চাহিদা থাকলেও বাংলাদেশে কোনো পর্তুগিজ ভিসা অফিস না থাকায় সাধারণ ইচ্ছুক শ্রমিকরা সহজে সেখানে যেতে পারছেন না।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশিদের পর্তুগালের ভিসার জন্য ভারতে যেতে হয়, যা চরম জটিলতা, হয়রানি ও বাড়তি অর্থ খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে সরাসরি ভিসা অফিস চালু হলে প্রবাসীরা সহজে পর্তুগাল যেতে পারবেন এবং এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ঘিরে সিলেট বিভাগের প্রবাসীদের দীর্ঘদিনের দাবির কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। নেতারা বলেন, সেখানে কাতার এয়ারওয়েজ ও সৌদি এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক ফ্লাইটকে ওঠানামা ও যাত্রী পরিবহনের সুযোগ দিতে হবে। এতে সিলেট বিভাগের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং প্রবাসীদের যাতায়াত অনেক সহজ হবে।

পর্তুগাল গণদাবি পরিষদের এই দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। তারা প্রবাসীদের সুবিধা ও দেশের অর্থনৈতিক স্বার্থে দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article