নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ২

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet News

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ২ - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ৩১ জুলাই: নবীগঞ্জ শহরে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতাসহ ২২ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩১ জুলাই) নবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিক। মামলার নম্বর ২৮। এতে আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ইট-পাটকেল নিক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, বিএনপি নেতা ও জাসাসের সাবেক আহ্বায়ক রাশেদ মিয়াসহ ২২ জনের নাম রয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) রাতে নবীগঞ্জ পৌরসভার গাজীরটেক পয়েন্টে একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় রাশেদ মিয়া ও নুরুল আমিনের পক্ষের নেতাকর্মীদের মধ্যে দলীয় কর্মসূচিতে দাওয়াত দেওয়া-না দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পুলিশ উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা আরও উত্তেজিত হয়ে পড়ে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে কনস্টেবল জুবাইদুল্লাহ মুন্সির ডান চোখে গুরুতর আঘাত লাগে। তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত অন্য পুলিশ সদস্যদের মধ্যে পিএসআই রুবেল মিয়া, এএসআই সৌরভ আহমদ, কনস্টেবল রুবেল আহমেদ, কামরুল হাসান ও আকাশ পাল রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন নবীগঞ্জ থানার এসআই মোহাম্মদ আসিব ইকবাল। তিনি জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মো. ঝিনুক মিয়া এবং একই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে রাব্বী মিয়া।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, “ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article