চাঁদা না পেয়ে নারীসহ তিনজন জিম্মি, গুলি ছুড়ে পালাল ‘শুটার বাপ্পী’

সোবহানীঘাটে ৩৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সোবহানীঘাটে ৩৭০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsঢাকা, ২৫ জুলাই: ঢাকার আশুলিয়ায় চাঁদা না পেয়ে এক নারীসহ তিনজনকে টানা পাঁচ ঘণ্টা জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে সাভারের চিহ্নিত সন্ত্রাসী ও শুটার বাপ্পীর বিরুদ্ধে। শনিবার সকালে জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ মার্কেটের স্বত্বাধিকারী ও সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা শরীফ চৌধুরীর কাছে দীর্ঘদিন ধরে ১ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল বাপ্পী। শনিবার সকাল ৭টার দিকে চাঁদার টাকা আদায়ের উদ্দেশ্যে তিনি শরীফ চৌধুরীর পঞ্চম তলার ফ্ল্যাটে অতর্কিত হানা দেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ বাপ্পী বাসায় থাকা মার্কেট ম্যানেজার লিমা আক্তার, কেয়ারটেকার ও স্যানিটারি মিস্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন।

অভিযোগ অনুযায়ী, জিম্মি অবস্থায় যাতে তারা বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য শুরুতেই তিনজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর টানা পাঁচ ঘণ্টা ধরে নারী ম্যানেজার লিমা আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি রেখে ঘরের লকার, আলমারি ও অফিসের ড্রয়ার তল্লাশি করা হয়।

দুপুর ১২টার দিকে খবর পেয়ে পুলিশ শরীফ মার্কেটে অভিযান চালাতে গেলে বাপ্পী দুই হাতে দুই পিস্তল নিয়ে এলোপাতাড়ি ৭-৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। আত্মরক্ষার্থে পুলিশও ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার বিবরণ দিয়ে সাবেক ছাত্রদল নেতার স্ত্রী মাহি চৌধুরী বলেন, “শুটার বাপ্পী দীর্ঘদিন ধরে আমার স্বামী শরীফ চৌধুরীর কাছে ১ কোটি ৪০ লাখ টাকা চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় এর আগে গাড়ি আটকে রেখে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। শনিবার সকালে চাঁদার জন্য এসে আমাদের মার্কেট ম্যানেজার লিমাসহ তিনজনকে অস্ত্রের মুখে পাঁচ ঘণ্টা জিম্মি করে রেখে সব তছনছ করে। জেল থেকে বের হয়ে সে আবার এই চাঁদাবাজির রাজত্ব শুরু করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

পাঁচ ঘণ্টার জিম্মিদশার বর্ণনা দিয়ে মার্কেট ম্যানেজার লিমা আক্তার বলেন, “সকালে ৭টায় বাপ্পী মার্কেটের ওপরের বাসায় ঢুকে সবার ফোন কেড়ে নেয় ও পিস্তল উঁচিয়ে জিম্মি করে রাখে। দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। বাপ্পী যেখানে-যেখানে যাচ্ছিল, সেখানেই আমাকে পিস্তলের সামনে রেখে নিয়ে যাচ্ছিল। এরপর দুপুর ১২টার দিকে যখন পুলিশ আসল, তখন বাপ্পী আমাকে একটি হ্যান্ডকাফের মতো জিনিস পরিয়ে সামনে ঢাল বানিয়ে রাখে। পুলিশ সামনে এসে লাথি মারলে সে আমাকে সামনে রেখেই দুই হাতে পিস্তল উঁচিয়ে এলোপাতাড়ি গুলি করতে করতে বাথরুমের ওপর দিয়ে পালিয়ে যায়। আমি সামনে ছিলাম বলেই পুলিশ জীবন বাঁচাতে পাল্টা গুলি করতে পারেনি। পরে আমি সরে গেলে পুলিশ গুলি করে।”

ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, চিহ্নিত সন্ত্রাসী বাপ্পী তার সহযোগীদের নিয়ে ভবনে ঢুকে কেয়ারটেকার লিমাকে জিম্মি করে চাঁদা দাবি করেন। পরে টাকা না পেয়ে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি জিম্মি লিমাকে সামনে রেখে পালানোর চেষ্টা করেন ও গুলিবর্ষণ করেন। পুলিশ জিম্মিকে নিরাপদে উদ্ধার করতে পাল্টা গুলি ছোড়ে। জিম্মি উদ্ধার হলেও বাপ্পী কৌশলে পালিয়ে যান। তিনি বলেন, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, মূলত চাঁদাবাজির ঘটনা। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে।

এদিকে গত বছরের ১৯ জুন মধ্যরাতে রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এর নয় দিন পর দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পীকে গ্রেপ্তার করে ডিবি। সে সময় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ ১৫১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article