সিলেট: যুক্তরাজ্যের সারের মোল ভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক মেয়র, দীর্ঘদিনের কাউন্সিলর, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসিআই)-এর পরিচালক এবং বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হকের সম্মানে প্রবাসী বিষয়ক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তিনি সিলেটের উন্নয়ন, শিক্ষা ও মানবকল্যাণে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর গ্র্যান্ড সিলেট হোটেলে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’ ও ‘লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক, প্রবাসীদের অবদান, বিনিয়োগের পরিবেশ, শিক্ষা, সমাজসেবা এবং সিলেটের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সংবর্ধনার জবাবে জাহাঙ্গীর হক বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে জনসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলেও জন্মভূমি সিলেটের প্রতি তার ভালোবাসা সবসময় অটুট ছিল। তিনি বলেন, কর্মজীবনের পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন চ্যারিটি ও মানবকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতে সিলেটের উন্নয়ন, শিক্ষা ও মানবকল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করতে চান।
নিজের দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তিনি টানা ১৬ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সফলভাবে মেয়রের দায়িত্বও সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক, জাস্ট হেল্প ফাউন্ডেশনের লাইফ মেম্বার এবং দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
জাহাঙ্গীর হক বলেন, ব্যবসার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছেন। বিশেষ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রবাসীদের সহযোগিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন, জাস্ট হেল্প ফাউন্ডেশনের পক্ষে ফেরদৌস আলম, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার পক্ষে নাজনীন বেগম, বিশিষ্ট সাংবাদিক মুহিত চৌধুরী ও ইকরামুল কবীর। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে আয়োজকদের পক্ষ থেকে প্রীতি বুফে ডিনারের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিজ্ঞপ্তি।






