সিলেট, ১৮ জুলাই ২০২৬: সিলেটের নারী সাংবাদিকদের সংগঠন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব সিউজা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার রাত ৮টায় নগরীর জিন্দাবাজারস্থ ইমজা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সিউজা সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকিলা ববির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও প্রেরণা সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সাংবাদিকতা এমনিতেই একটি চ্যালেঞ্জিং পেশা, আর নারীদের জন্য তা আরও বেশি চ্যালেঞ্জপূর্ণ। তবে সিলেটের নারী সাংবাদিকরা তাদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে এ পেশায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন। তিনি বলেন, ঢাকার বাইরে নারী সাংবাদিকদের এমন সংগঠন বিরল, আর সিলেট এ ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিউজা উপদেষ্টা হাসিনা বেগম চৌধুরী এবং সিলেট ভয়েসের প্রকাশক ও সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম। এ বছর সিউজা প্রেরণা সম্মাননা প্রদান করা হয় তার বাবা প্রয়াত আব্দুর রহমান চৌধুরী এবং স্ত্রী রাকিবা মজুমদার তামান্নাকে। তাদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন আমানুল আরদ ও আয়রা আমারা।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো দুজন আজীবন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস রাখি এবং নারী উদ্যোক্তা ইমরানা বেগম পিংকিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সিউজা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।






