সিলেট, ১৯ জুলাই ২০২৬: সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৪ জন এজাহারভুক্ত আসামি এবং বাকি ৩ জন সন্দেহভাজন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে ও রোববার ভোর পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি রোববার বিকেলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন সুবাস চন্দ্র দাস (৩২), মো. শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব (২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। তারা মহানগরীর শাহপরাণ, মেজরটিলা ও মোগলাবাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের সড়ক থেকে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত ছাত্রলীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ২৫ থেকে ৩০ জন অংশ নেন এবং মিছিল শেষে মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, মিছিলের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ মিছিলের নেতৃত্ব ও সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া উঠে এসেছে, যা নিয়ে আলোচনা চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম দমনে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।






