ঢাকা, ১৮ জুলাই ২০২৬: প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মাসের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের জন্য পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে জানানো হয়, ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে প্রবাসী কার্ডে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধার পাশাপাশি প্রবাসীদের আর্থিক প্রণোদনা দেওয়া হবে। সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কার্ডের মাধ্যমে অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন প্রবাসীরা। এর মধ্যে রয়েছে দেশে ও বিদেশে বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা, মিট অ্যান্ড গ্রিট সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং নির্দিষ্ট গ্রাহকদের জন্য বিমানবন্দর পরিবহন সুবিধা।
এছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় ছাড়, কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধা, প্রবাসফেরতদের পুনর্বাসন ও বিমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন ও অন্যান্য সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন এবং এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার থাকবে।
সভায় জানানো হয়, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডেবিট কার্ড ইস্যু করা হবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর মধ্যে এ কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশ দেন এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে এ কার্ডের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






