প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির, তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতার আহ্বান

প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির, তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতার আহ্বান - Surma Times | Sylhet News

প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির, তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতার আহ্বান - Surma Times | Sylhet Newsসিলেট, ১৭ জুলাই ২০২৬: গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শক্তি উল্লেখ করে তথ্য সন্ত্রাস রুখে আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, সাংবাদিকতা কখনোই ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক আনুগত্যের হাতিয়ার হতে পারে না; বরং সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষার দৃঢ় অঙ্গীকারই হতে হবে সংবাদকর্মীদের মূল আদর্শ।

শুক্রবার সন্ধ্যায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলের হলরুমে দৈনিক সিলেটের সংবাদ আয়োজিত প্রতিনিধি সম্মেলন, মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে পরিকল্পিতভাবে দেশে তথ্য সন্ত্রাস চালানো হয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক বিরোধী শক্তিকে দমন-পীড়নের কৌশল হিসেবে গণমাধ্যমের একটি অংশকে ব্যবহার করা হয়েছে। তিনি এ অবস্থা থেকে বেরিয়ে এসে দলীয় নয়, আদর্শিক সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভুয়া সংবাদকে বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি উল্লেখ করে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তিনি বলেন, সাংবাদিকতার প্রকৃত শক্তি নিহিত রয়েছে নীতি-নৈতিকতা, পেশাদারিত্ব, সাহসিকতা এবং সত্য প্রকাশের নির্ভীক মানসিকতায়। এ সময় তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন স্টাফ রিপোর্টার আক্তার হোসেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি হুমায়ুন কবিরকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি রেমিট্যান্স খাতে অবদানের জন্য যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী জয়নাল ও হাজি মুজাহিদ আহমদ, সেরা স্টাফ রিপোর্টার হিসেবে আহমেদ শাকিল, সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে মো. ফজলু মিয়া, সেরা আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ জুনেদ আহমদ, সেরা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে শামছুল আলম শাওন এবং সেরা আলোকচিত্রী হিসেবে শাহীন আলমকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া পত্রিকার শুরু থেকে সহযোগিতার জন্য সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপন এবং সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দৈনিক সিলেটের সংবাদ-এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংবাদকর্মীরাও অংশ নেন।

বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, বস্তুনিষ্ঠ ও আদর্শিক সাংবাদিকতা প্রতিষ্ঠাই একটি সচেতন ও গণতান্ত্রিক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article