সিলেট, ১৭ জুলাই ২০২৬: নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার বিকেলে সিলেটে ইসকন মন্দির প্রাঙ্গণে ইসকন ইয়ুথ ফোরামের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রথযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বাস্তবতায় সফল হতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা অপরিহার্য। তিনি বলেন, “স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয়, যখন আমরা নৈতিক চরিত্রে সমৃদ্ধ হই। জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে পারলেই একজন মানুষ প্রকৃত অর্থে সফল হতে পারে।”
তিনি আরও বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আধ্যাত্মিক শিক্ষা মানুষের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ ও সেবার মনোভাব বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যের একটি অংশ তিনি সিলেটি ভাষা ও ইংরেজিতে উপস্থাপন করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও সাড়া জাগায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভগবদ্গীতার শিক্ষা মানুষকে আদর্শ চরিত্র, নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে পরিচালিত করে এবং একটি মানবিক সমাজ গঠনে তরুণদের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়া অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।
অনুষ্ঠানে ডিপ্লোমা ইন ভগবদ্গীতা কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এতে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, ভক্তবৃন্দ ও সুধীজন অংশ নেন।
আয়োজকরা জানান, ইসকন ইয়ুথ ফোরাম তরুণদের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধে সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে শিক্ষা, নেতৃত্ব বিকাশ, ব্যক্তিত্ব উন্নয়ন ও চরিত্র গঠনমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে।






