ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ - Surma Times | Sylhet News

ঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ - Surma Times | Sylhet Newsঢাকা, ১৫ জুলাই: ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে সরকার। প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ সংগ্রহের পর ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান।

শেখ রবিউল আলম বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে এক জোড়া নতুন বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন।”

তবে নতুন ট্রেনটি চালুর ক্ষেত্রে বর্তমানে ইঞ্জিন ও কোচের সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী জানান, রেলওয়ের বহরে নতুন কোচ ও ইঞ্জিন যুক্ত করার জন্য একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। একই সঙ্গে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য পৃথক একটি ডিপিপির অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

রেলমন্ত্রী জানান, প্রয়োজনীয় কোচ ও ইঞ্জিন হাতে পাওয়ার পরই ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ চালুর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের এক প্রশ্নের জবাবে ঢাকা-সিলেট রুটে ব্রডগেজ ট্রেন চালুর সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথ মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রেলপথকে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা সম্ভব হলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আধুনিকায়নে সরকারের চলমান উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন। তিনি বলেন, যাত্রীসেবা উন্নয়ন, পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক রেলব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

ঢাকা-সিলেট রুটে নতুন বিরতিহীন ট্রেন চালুর সিদ্ধান্তকে এ অঞ্চলের যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দেশের অন্যতম ব্যস্ত এই রুটে যাতায়াত সময় কমানো এবং সেবার মান উন্নয়নে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article