সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন

সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন - Surma Times | Sylhet News

সম্প্রীতির বার্তা নিয়ে সিলেটে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ জুলাই: সম্প্রীতি, সহাবস্থান ও ধর্মীয় ঐক্যের বার্তা নিয়ে সিলেট নগরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে ভক্ত-অনুরাগী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “এই বাংলাদেশ সবার। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই আমাদের শক্তি। সকল ধর্মের মানুষ নিজ নিজ উৎসব নির্বিঘ্নে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী, সিলেট হিন্দু বিভাগীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বিভাগীয় কমিটির সদস্য বলদেব কৃপা দাস অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরেন জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এ. এস. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতাক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইশতিহার আহমদ সিদ্দিকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী এবং সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী।

উদ্বোধনী পর্ব শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথের সামনে হরিধ্বনির মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা করা হয়। এ সময় দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আগামী ৯ দিনব্যাপী এ উৎসবে প্রতিদিন ধর্মীয় আলোচনা, কীর্তন, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি পালিত হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article