সিলেট, ১৪ জুলাই: সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নতুন এ দুই মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে।
মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। একই সময়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব শিশু এখনো টিকাদান কর্মসূচির আওতায় আসেনি, তাদের চিহ্নিত করে টিকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অভিভাবকদের প্রতি শিশুদের নির্ধারিত সময়ে হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হামজনিত জটিলতা ও মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করে টিকার আওতায় আনা বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।





