
সিলেট, ১৩ জুলাই: বৃহত্তর সিলেট অঞ্চলের প্রায় ৩০ লাখ প্রবাসীর কল্যাণে চারটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবিগুলো জোরালোভাবে উপস্থাপনের অনুরোধ জানান।
স্মারকলিপিতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলের প্রবাসীদের সহজ যাতায়াত নিশ্চিত করতে কাকুয়াপাড়া-সাহেববাজার হয়ে খাদিমনগর-জাফলং সড়ক এবং সাহেববাজার থেকে হরিপুর-জাফলং সড়ক পর্যন্ত বিদ্যমান দুটি সড়ক সরকারি নীতিমালা অনুযায়ী ২৪ ফুটে সম্প্রসারণের দাবি জানানো হয়। সড়ক দুটি প্রশস্ত হলে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ী, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জাফলং এলাকার প্রবাসীরা আম্বরখানার যানজট এড়িয়ে দ্রুত নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। পাশাপাশি বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রুত চালুর দাবিও জানানো হয়েছে, যা বাস্তবায়িত হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রবাসীদের দুর্ভোগ কমবে।
এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মতো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ওপেন স্কাই’ ঘোষণা এবং সৌদি এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের মাধ্যমে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। এতে ঢাকা-কেন্দ্রিক ভোগান্তি কমে প্রবাসীরা ইউরোপ, আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশ থেকে সরাসরি সিলেটে যাতায়াত করতে পারবেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে মাত্র ২৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তাই ঢাকা ও কক্সবাজারের মতো ২৪ ঘণ্টা কাজ চালিয়ে ২০২৭ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার দাবি জানানো হয়।
এছাড়া বিমানবন্দর মসজিদ আধুনিকায়ন করে দোতলা ভবনে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে ওমরাহ ও হজযাত্রীরা সেখান থেকেই ইহরাম পরে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে রওনা হতে পারেন।
স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে সিলেট বিভাগের সোয়া কোটি মানুষ ও বিপুল সংখ্যক প্রবাসী উপকৃত হবেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, গণদাবী নেতা শ্যামল চৌধুরী, মো. শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।






