সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই - Surma Times | Sylhet News

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই - Surma Times | Sylhet Newsঢাকা, ১২ জুলাই ২০২৬: বিএনপি নেতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ এবং এলএলবি সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

১৯৬০ সালে আইন পেশায় যোগ দিয়ে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেন। পরবর্তীতে জিয়াউর রহমানের উদ্যোগে গঠিত জাগদলে যোগ দেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর দলটির স্থায়ী কমিটির সদস্য হন।

তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পাঁচবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। সর্বশেষ অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দিনাজপুর-১, ঢাকা-৯, পঞ্চগড়-১ এবং বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। মুক্তিযুদ্ধের সময় হাইকোর্টের যেসব আইনজীবী মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি নূর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে তার স্ত্রী মারা যান। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার পুত্র নওশের জমির প্রিন্স সম্প্রতি বিএনপির মনোনয়নে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং ২০২৬ সালের জুলাইয়ের শুরুতে গঠিত “ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ”-এর একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article