শ্রীমঙ্গলে ব্যান্ড উৎসব, সম্মাননা আর মানবিক আবেদনে জমজমাট SBA VOL-11

শ্রীমঙ্গলে ব্যান্ড উৎসব, সম্মাননা আর মানবিক আবেদনে জমজমাট SBA VOL-11 - Surma Times | Sylhet News

শ্রীমঙ্গলে ব্যান্ড উৎসব, সম্মাননা আর মানবিক আবেদনে জমজমাট SBA VOL-11 - Surma Times | Sylhet Newsশ্রীমঙ্গল, শুক্রবার (৩ জুলাই): গানের উচ্ছ্বাস, ব্যান্ডের একের পর এক পরিবেশনা, দর্শকের করতালি আর প্রিয় গানের সঙ্গে কণ্ঠ মেলানোয় উৎসবমুখর আবহে অনুষ্ঠিত হলো শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (SBA) ‘SBA VOL-11’। শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩টা থেকে রাত পর্যন্ত চলা এ আয়োজনে দর্শকে ছিল উপচে পড়া ভিড়।

২০১২ সালে মাত্র ছয়টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করা শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন ১৪ বছরের পথচলায় শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত করেছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনে শ্রীমঙ্গলের ১০টি ব্যান্ড অংশ নেয়।

অনুষ্ঠানের পরিবেশনা শুরু করে Driftline ব্যান্ড। এরপর একে একে মঞ্চে ওঠে Aoloron, Betel Leaf, Avro, Sector 3, Thrill, Unity, Mingal, Wee এবং সবশেষে Prohor। প্রতিটি পরিবেশনাই দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে অডিটোরিয়াম।

প্রথম পর্বে Sector 3-এর পরিবেশনার আগে শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কনক কান্তি কর (পান্না)-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এরপর প্রয়াত গীতিকার ও সুরকার এ. কে. আনাম-কে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। ‘সুরমা নদীর তীরে আমার ঠিকানারে’, ‘ও মায়ার চান্দেরে’সহ বহু কালজয়ী গানের স্রষ্টার সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর পরিবারের সদস্য ভাই বুলবুল আনামের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় দর্শকদের করতালিতে পুরো অডিটোরিয়াম আবেগঘন হয়ে ওঠে।

মাগরিবের নামাজের বিরতির পর দ্বিতীয় পর্বে আবার শুরু হয় অনুষ্ঠান। এ পর্বে শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতের বিকাশে বিশেষ অবদানের জন্য যোশেফ দাশগুপ্ত (যশো), জয় সরকার এবং মশিউর রহমান রিপন-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ব্যান্ড সংগীতের পাশাপাশি অনুষ্ঠানে নেওয়া হয় মানবিক একটি উদ্যোগও। ব্লাড ক্যান্সারে আক্রান্ত শ্রীমঙ্গলের জয়নগর এলাকার ১৯ বছর বয়সী তরুণ তূর্য রায়-এর চিকিৎসার জন্য দর্শকদের কাছে আর্থিক সহায়তা চাওয়া হলে উপস্থিত অনেকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন।

উপস্থাপনায় শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতের ইতিহাস, SBA-এর ১৪ বছরের পথচলা এবং নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়। আয়োজকদের তথ্যমতে, ২০১২ সালে ছয়টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটিতে বর্তমানে ১৭টি সদস্য ব্যান্ড রয়েছে। গত ১৪ বছরে নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ৪০০ জন শিল্পী SBA-এর ব্যানারে মঞ্চে পরিবেশনা করেছেন।

অনুষ্ঠান শেষে SBA-এর সাধারণ সম্পাদক প্রিতম দেব বলেন, শ্রীমঙ্গলে ব্যান্ড সংগীতের ধারাবাহিকতা ধরে রাখা এবং নতুন শিল্পীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের লক্ষ্য। দর্শকদের ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন।

দীর্ঘ সময় ধরে চলা এই আয়োজনে শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতশিল্পী, সাংবাদিক ও ব্যান্ডপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে SBA VOL-11 পরিণত হয় শ্রীমঙ্গলের অন্যতম বড় ব্যান্ড উৎসবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article