বোর্ডিং পাস নিয়েও শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭৬ যাত্রী

বোর্ডিং পাস নিয়েও শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭৬ যাত্রী - Surma Times | Sylhet News

বোর্ডিং পাস নিয়েও শাহজালাল থেকে উধাও মালয়েশিয়াগামী ৭৬ যাত্রী - Surma Times | Sylhet Newsঢাকা, শনিবার (৪ জুলাই): বোর্ডিং পাস নেওয়ার পরও মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে ওঠার ঠিক আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ যাত্রী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই ঘটনায় মোট ৭৬ জন যাত্রী শেষ পর্যন্ত বিমানে ওঠেননি, যা নিয়ে প্রশ্ন উঠেছে ভিসা যাচাই প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকা ছাড়ে। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও শেষ পর্যন্ত ৭৬ জন বোর্ডিং সম্পন্ন করেননি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের অসঙ্গতি ধরা পড়ে। তাদের ভিসা জাল বা অবৈধ হিসেবে শনাক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে অফলোড করা হয়। এ ঘটনার পরপরই একই ফ্লাইটের আরও ৭১ যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র আরও জানায়, চেক-ইন কাউন্টার থেকে ভিসা যথাযথভাবে যাচাই না করেই কয়েকজন যাত্রীকে ‘ভেরিফায়েড’ হিসেবে বোর্ডিং পাস দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছালেও শেষ ধাপে গিয়ে ভিসার অসঙ্গতি ধরা পড়ে।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, একাধিক ধাপ অতিক্রম করার পরও কীভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক-ইন ও ইমিগ্রেশন পেরিয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গেলেন।

বিমানবন্দর সূত্রের ভাষ্য অনুযায়ী, বিমানে না ওঠা ৭৬ জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তবে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং পরে তাদের ভিসায় সমস্যা পাওয়া যায়। এরপর বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি এবং কিছু যাত্রীকে অফলোড করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতা ও ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকায় কয়েকজন যাত্রীকে আগেই ইমিগ্রেশন পুলিশ অফলোড করেছিল। তাদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলেও জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article