রাজনৈতিক কারণে যেন কোনো পরিবার আক্রান্ত না হয়: অ্যাডভোকেট জামান

রাজনৈতিক কারণে যেন কোনো পরিবার আক্রান্ত না হয়: অ্যাডভোকেট জামান - Surma Times | Sylhet News

রাজনৈতিক কারণে যেন কোনো পরিবার আক্রান্ত না হয়: অ্যাডভোকেট জামান - Surma Times | Sylhet Newsসিলেট, ১ জুলাই ২০২৬: সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

শনিবার (২৯ জুন) সিলেটে বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির আয়োজনে টিলাগড় ক্লাবের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট জামান বলেন, “পারস্পরিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি বড় দায়িত্ব রয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ক্লাবটি আজ প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নবীন-প্রবীণ সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজের বিশৃঙ্খলা দূর করতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে।”

রাজনীতি ও সামাজিক সহাবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “রাজনীতি যার যার, কিন্তু আমরা সবাই একই সমাজে বাস করি। রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত দেশ ও সমাজের কল্যাণ। রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু রাজনৈতিক কারণে যেন কারো পরিবার আক্রান্ত না হয় কিংবা কারো বাড়িতে হামলা না হয়। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবসময় উত্তম কাজ করতে হবে, যাতে মৃত্যুর পর মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

তিনি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, টিলাগড় ক্লাব অসহায়দের কল্যাণে কাজ করবে। এখানে সবাইকে সমান চোখে দেখা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্প, লাইব্রেরি ও খেলাধুলার ব্যবস্থা করা হবে। নতুন প্রজন্ম যাতে এই ক্লাবের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে, সেটাই লক্ষ্য।

বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মহসিন আহমদ এবং গীতা পাঠ করেন পঞ্চায়েত কমিটির সদস্য দীপক রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, মুজিবুর রহমান মানিক, নুরুল ইসলাম খোকা, সহ-সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার আহমদ এবং ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সমাজসেবী, যুবনেতা, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার আহমদকে যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article