প্যারিস, ফ্রান্স: সিলেট বিভাগীয় প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সে নেতৃত্বসংকট ঘিরে নতুন মোড় দেখা দিয়েছে। আহ্বায়ক কমিটির এক সভায় আহ্বায়ক আলতাফুর রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে দাবি করেছে কমিটির একটি অংশ।
রোববার প্যারিসের লা-কুর্নভ এলাকার মাদু রেস্টুরেন্টে অনুষ্ঠিত ওই সভায় আহ্বায়ক কমিটির প্রথম সিনিয়র সদস্য লুলু আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় বৈঠক হয়।
সভায় উপস্থিত ৮ সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে আলতাফুর রহমানের বিরুদ্ধে অনাস্থা গ্রহণ করা হয় বলে জানানো হয়। অভিযোগ করা হয়, তিনি সংগঠনের কার্যক্রমে সমন্বয়হীনতা, একক সিদ্ধান্ত, সদস্য সচিবের সঙ্গে অসদাচরণ এবং পর্যাপ্ত আলোচনা ছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন।
বৈঠকে আহ্বায়ক কমিটির প্রথম সিনিয়র সদস্য লুলু আহমেদকে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আলতাফুর রহমানকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।
সভায় আরও অভিযোগ করা হয়, চার মাস পেরিয়ে গেলেও আহ্বায়ক কোনো কার্যকর সভা ডাকতে পারেননি, ফলে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে ফ্রান্সে সিলেটি প্রবাসীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।





