সিলেট, ২৯ জুন: সিলেট মহানগর পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও ‘জিনিয়া টিম’-এর বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
গত ২২ ফেব্রুয়ারি বিশেষ টিম গঠনের পর থেকে এ পর্যন্ত গোয়েন্দা পুলিশ মোট ২৩০টি হ্যান্ডসেট উদ্ধার করেছে। ফোন ফিরে পেয়ে সাধারণ গ্রাহকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পুরোনো ফোন কেনার সময় সতর্কতা অবলম্বন করুন
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার সাধারণ মানুষকে পুরোনো ফোন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং আইএমইআই নম্বর যাচাই না করে কোনো ডিভাইস কেনা উচিত নয়।
কাষ্টঘরে সাড়াশি অভিযান
একই অনুষ্ঠানে সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন কমিশনার। তিনি জানান, গত শনিবার (২৭ জুন) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার কাষ্টঘর সুইপার কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ীসহ ৩০ জনকে আটক করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার হয়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক ২৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইলগুলো কোতোয়ালী থানায় সংরক্ষিত রয়েছে। জিডি ও অন্যান্য তথ্য যাচাই করে মালিকদের কাছে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
পুলিশ কমিশনার বলেন, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের সহযোগিতায় সিলেটকে আরও নিরাপদ করা হবে।







