মৌলভীবাজার, ২৮ জুন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার বিকেলে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন।
আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ বাস ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।





