
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বুধবার নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে নতুন বাজার থেকে মডেল স্কুল ছড়ারপার পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাবেক জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকাকালে জনকল্যাণে কোনো কাজ না করে নিজেদের পকেট ভারী করেছেন। ফলে নগরবাসী আজ ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছে।
ইমদাদ হোসেন বলেন, জনগণের ট্যাক্সের টাকা উন্নয়নের নামে অপচয় করা হয়েছে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ চলছে। দেশের প্রতিটি এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, উন্নয়নের নামে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এলাকার অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের অগ্রগতি ও রাজনৈতিক বক্তব্যকে ঘিরে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।






