সুরমা টাইমস ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার উপজেলার ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন মিয়া ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন আগে টাকার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। ঘটনাটি প্রথমে গোপন থাকলেও বুধবার সকালে কিশোরী পরিবারের কাছে বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করে। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে অপমানজনকভাবে প্রদর্শন করা হয়।
পরে তাকে লাখাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানার ওসি শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্তকে মারধর ও অপমান করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।






